পূজার ছুটিতে বাড়ি ফেরা হলো না পুলিশ সদস্যের

পূজার ছুটিতে কর্মস্থল থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়ি গোপালগঞ্জে ফিরছিলেন পুলিশ সদস্য হিটলার বিশ্বাস (৩৫)। কিন্তু বাড়ি পৌঁছানোর আগেই ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় প্রাণ হারান তিনি।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৭টার দিকে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হিটলার বিশ্বাস গোপালগঞ্জ জেলার বড় ডুমরাসুর এলাকার সুভাষ চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি ঢাকার দোহার থানার শাইনপুকুর তদন্তকেন্দ্রে কর্মরত ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে পূজার ছুটিতে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি গোপালগঞ্জের উদ্দেশে রওনা হন হিটলার বিশ্বাস। পথে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল খান জানান, মোটরসাইকেল ও সার্বিক পরিবহন নামের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।