logo
Advertisement

বৌদ্ধবিহারে ঢুকে ডাকাতরা বলল, ‘চুপ করে বসে থাকেন, কথা বললে সমস্যা হবে’

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
চন্দনাইশ, চট্টগ্রাম
বৌদ্ধবিহারে ঢুকে ডাকাতরা বলল, ‘চুপ করে বসে থাকেন, কথা বললে সমস্যা হবে’
বৌদ্ধবিহারের প্রার্থনা স্থান ও তালা খোলা দানবাক্স। ছবি: এশিয়া পোস্ট

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় একটি বৌদ্ধবিহারে দুর্ধর্ষ ডাকাতির অভিযোগ উঠেছে। এসময় ডাকাত দল বিহারের ভিক্ষুকে জিম্মি করে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে অভিযোগ করা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার দক্ষিণ হাসিমপুর বিজয়া রামবিহারে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ভিক্ষু জ্ঞান রক্ষিত জানান, প্রতিদিনের মতো ধর্মীয় কাজ সম্পন্ন করতে ভোর ৪টার দিকে তিনি কক্ষের দরজা খোলেন। এসময় মুখোশ পরা ৩-৪ জনের একটি ডাকাত দল দা ও কুড়ালসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার কক্ষে ঢুকে পড়ে। এরপর তাকে কক্ষের খাটে বসিয়ে রেখে অস্ত্রধারীরা বলেন, ‘চুপ করে বসে থাকেন, কথা বললে সমস্যা হবে।’

এক পর্যায়ে ডাকাতেরা তার কাছ থেকে আলমারির চাবি ছিনিয়ে নেয়। পরে আলমারি খুলে এবং দানবাক্স ভেঙে নগদ প্রায় ৩০ হাজার টাকা, একটি সাউন্ড বক্সসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। চলে যাওয়ার সময় দুষ্কৃতকারীরা বাইরে থেকে কক্ষের দরজা আটকে দেয়। পরে তিনি পাশের কক্ষের দুই শ্রমণকে ডেকে দরজা খোলান।

তবে ঘটনাটিকে ডাকাতি বলতে নারাজ পুলিশ। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম এশিয়া পোস্টকে জানান, বিহারে কোনো ডাকাতির ঘটনা ঘটেনি। বিহারের পাশেই ভান্তের আবাসস্থল। ভোরে তিনি বিহারে যাওয়ার জন্য দরজা খুললে কতিপয় ব্যক্তি ভেতরে ঢুকে একটি সাউন্ড বক্স ও কিছু টাকা নিয়ে যায়। জোরপূর্বক বা দরজা ভেঙে প্রবেশের কোনো আলামত পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঘটনায় আইনগত ব্যবস্থার বিষয়ে জানতে চাইলে ওসি জানান, এ বিষয়ে বিহার কর্তৃপক্ষের লিখিত অভিযোগ দেওয়ার কথা রয়েছে। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।