শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে এইচএসসি পরীক্ষার্থীর থানায় অভিযোগ

এশিয়া পোস্ট নিউজ, রংপুর
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে এইচএসসি পরীক্ষার্থীর থানায় অভিযোগ
পুলিশের কাছে অভিযোগপত্র তুলে দেন মাহদী হাসান অনিক। ছবি : এশিয়া পোস্ট

টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এক এইচএসসি পরীক্ষার্থী।

বুধবার (১৫ জুলাই) বিকেলে কোতোয়ালি থানায় উপস্থিত হয়ে এই অভিযোগপত্র জমা দেওয়া হয়।

বিক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীদের পক্ষে অভিযোগপত্রে স্বাক্ষর করেন মাহদী হাসান অনিক। তিনি রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন এবং একই সঙ্গে ‘জাতীয় ছাত্রশক্তি’ রংপুর মহানগরের যুগ্ম সদস্যসচিব।

এর আগে, দুপুরে পরীক্ষা শেষে রংপুরের বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা স্থানীয় পাবলিক লাইব্রেরি মাঠে জড়ো হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোতোয়ালি থানার সামনে গিয়ে অবস্থান নেয়। এ সময় শিক্ষার্থীরা ঢাকায় আন্দোলনকারীদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের শাস্তির দাবিতে স্লোগান দেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ১৪ জুলাই ঢাকার জাতীয় সংসদ ভবনের সামনে শান্তিপূর্ণ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর শিক্ষামন্ত্রী এবং অজ্ঞাতপরিচয় বেশ কিছু ব্যক্তির নির্দেশে পুলিশ অতর্কিত হামলা চালায়। এতে অসংখ্য শিক্ষার্থী শারীরিক ও মানসিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হন। এছাড়া নতুন কারিকুলামের ঘন ঘন পরিবর্তনের কারণেও শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগে দাবি করা হয়।

অভিযোগকারী শিক্ষার্থী মাহদী হাসান অনিক বলেন, ‘আমরা সড়ক অবরোধের মতো কোনো কর্মসূচি দিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করতে চাইনি। আইনের প্রতি শ্রদ্ধা রেখেই আমরা থানায় লিখিত অভিযোগ দিয়েছি, যাতে আন্দোলনকারী সহপাঠীদের ওপর বর্বরোচিত হামলায় জড়িতদের যথাযথ আইনি শাস্তি নিশ্চিত হয়।’

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এইচএসসি পরীক্ষার্থীরা থানায় এসে একটি লিখিত অভিযোগ জমা দিয়ে গেছেন।

বিষয় :রংপুর