সাভারে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৩

সাভারের রাজাশনে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড় ৪টার দিকে সাভার মডেল থানাধীন পশ্চিম রাজাশন পালোয়ান পাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন মো. হোসেন (২২), পিয়াল (২২) ও ইমন (২৪)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের রাজাশন পালোয়ান পাড়ার ওমর পালোয়ানের বাড়ির একটি পরিত্যক্ত কক্ষে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় কক্ষে থাকা তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, অস্ত্র উদ্ধারের এই ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। তদন্তের স্বার্থে এর চেয়ে বেশিকিছু বলতে অপারগতা প্রকাশ করেন তিনি।
