logo

রাজশাহীতে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন

রাজশাহীতে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন

রাজশাহী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেছেন চার যুবক। এ সময় তারা হাতে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি নিয়ে স্লোগান দেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে নগরীর তেরখাদিয়া এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়। এ ঘটনার একটি ভিডিও বিকেল থেকে ফেসবুকে ছড়িয়ে পড়ে।

মহানগরীর উত্তরে তেরখাদিয়া এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়টি ২০২৪ সালের ৫ আগস্ট থেকে বন্ধ। ওই সময় কার্যালয়টিতে লুটপাটের পর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। কার্যালয়টির দরজা-জানালা, গ্রিলসহ ইটও খুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

শনিবার ভোর ৪টার দিকে মুখোশধারী চার যুবক আওয়ামী লীগ কার্যালয়টির সামনে গিয়ে স্লোগান দেন এবং তাদের কার্যক্রম নিজেরাই ভিডিও করেন। এ সময় তারা পরিত্যক্ত অফিসের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, দলের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ ও রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি রাসিক দত্তের নামে স্লোগান দেন। পরে তারা ভেতরে ঢুকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টানানোর চেষ্টা করেন।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার গাজিউর রহমান বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ না হলেও তাদের কার্যক্রম নিষিদ্ধ। দলীয় কার্যালয়ে গিয়ে এসব করার সুযোগ নেই।