Advertisement

শেরপুরে রাত ৮টার মধ্যে দোকান বন্ধে প্রশাসনের তৎপরতা

এশিয়া পোস্ট নিউজ, শেরপুর
শেরপুরে রাত ৮টার মধ্যে দোকান বন্ধে প্রশাসনের তৎপরতা
শেরপুর শহরের বিভিন্ন বাজার ও শপিং মল পরিদর্শনে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনসহ পুলিশ ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ছবি: এশিয়া পোস্ট

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে শেরপুরে মাঠে নেমেছে জেলা প্রশাসন। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিদিন রাত ৮টার মধ্যে শপিং মল, মার্কেট ও দোকানপাট এবং সন্ধ্যা ৭টার মধ্যে আলোকিত বিলবোর্ড বন্ধ রাখার নির্দেশনা বাস্তবায়নে শহরের বিভিন্ন এলাকায় সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে শেরপুর শহরের নিউ মার্কেট, টাউন হল মার্কেট ও গোয়ালপট্টিসহ বিভিন্ন মার্কেট পরিদর্শন করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশ। এ সময় পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে ব্যবসায়ী ও দোকানমালিকদের সরকারি নির্দেশনা মেনে রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার আহ্বান জানানো হয়।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, আজকের কার্যক্রমটি মূলত সচেতনতা তৈরির লক্ষ্যেই চালানো হয়েছে। তবে এখন থেকে রাত ৮টার পর দোকানপাট খোলা রাখা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, শুধু শেরপুর শহরই নয়, জেলার প্রতিটি উপজেলা শহর এবং প্রত্যন্ত অঞ্চলের বাজারগুলোতেও এ নির্দেশনা বাস্তবায়নে তদারকি ও অভিযান পরিচালনা করা হবে। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়নে তিনি ব্যবসায়ী ও সাধারণ মানুষের পূর্ণ সহযোগিতা কামনা করেন।

বিষয় :