গৃহবধূ জ্যোৎস্না হত্যা মামলায় বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জের করিমগঞ্জে গৃহবধূ জ্যোৎস্না বেগমকে পিটিয়ে হত্যার দায়ে বাবা-ছেলেসহ সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মোহাম্মদ জহির উদ্দিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সাত আসামিই আদালতে উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. মিজানুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মঞ্জিল মিয়া (৬৫), তার ছেলে রবি (৩৭) ও আমিনুল (৩০), শহিদ (৫৫), মাহবুব (৩৫), জিয়াউদ্দিন (৫৫) ও সাহাবুদ্দিন (৬০)। তারা সবাই করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের জাটিয়াপাড়া এলাকার বাসিন্দা।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের জাটিয়াপাড়া এলাকায় একই সীমানার বাড়িতে বসবাস করতেন জ্যোৎস্না বেগম ও আসামিরা। বাড়িতে রান্নার চুলার ধোঁয়া নিয়ে প্রতিবেশী কলি আক্তারের সঙ্গে জ্যোৎস্নার বিরোধের সূত্রপাত হয়। এ নিয়ে একাধিকবার চুলাটি সরিয়ে নেওয়ার অনুরোধ করা হলেও তা সরানো হয়নি।
২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি চুলার ধোঁয়া নিয়ে কথা বলতে গেলে কলি আক্তার ও মঞ্জিল মিয়ার সঙ্গে জ্যোৎস্নার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অন্য আসামিরাও সেখানে জড়ো হন। পরে তারা উত্তেজিত হয়ে জ্যোৎস্নাকে মারধর করেন। তাকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে লোহার রড, কাঠের বর্গা, লাঠি ও গাছের ডাল দিয়ে আঘাত করা হয়।
এ সময় জ্যোৎস্নাকে বাঁচাতে এগিয়ে এলে তার ভাইয়ের স্ত্রী আয়শা আক্তারকেও দা দিয়ে কুপিয়ে আহত করা হয়। পরে স্বজন ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে করিমগঞ্জ হাসপাতালে নিয়ে যান। জ্যোৎস্নার অবস্থার অবনতি হলে তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত জ্যোৎস্নার স্বামী হাবিবুর রহমান বাদী হয়ে মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার আদালত সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেন।
