logo

নাটোরে হামের উপসর্গ নিয়ে ৪৭ বছর বয়সি ব্যক্তি হাসপাতালে ভর্তি

নাটোরে হামের উপসর্গ নিয়ে ৪৭ বছর বয়সি ব্যক্তি হাসপাতালে ভর্তি

নাটোরের বাগাতিপাড়ায় হামের উপসর্গ নিয়ে ৪৭ বছর বয়সি এক ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

বুধবার (১ এপ্রিল) বিকেলে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ওই ব্যক্তিকে দেখা যায়।

এর আগে, গত সোমবার (৩০ মার্চ) তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন।

চিকিৎসাধীন ওই রোগীর নাম আরশেদ আলী। তিনি উপজেলার দয়ারামপুর ইউনিয়নের তালতলা গ্রামের মৃত টগর আলীর ছেলে। 

হাসপাতালে আলাপকালে আরশেদ আলী জানান, ঈদের পরদিন থেকে তার জ্বর ও সর্দি শুরু হয়। এক দিন পর স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ কিনে খেলেও জ্বর কমেনি। উল্টো শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরে এলাকার একজন স্বাস্থ্যকর্মীর পরামর্শে সোমবার তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। হাসপাতালের চিকিৎসকরা তার শরীরে হামের লক্ষণ দেখে নমুনা সংগ্রহ করেন। পরীক্ষার রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে তিনি আসলেই হামে আক্রান্ত কি না।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মোহাম্মদ রেজওয়ান হক এশিয়া পোস্টকে বলেন, সাধারণত দুই বছর বয়স পর্যন্ত শিশুদের মধ্যে হাম বেশি হলেও সব বয়সের মানুষই এ রোগে আক্রান্ত হতে পারে। রোগীর সংগৃহীত নমুনা পাঠানো হয়েছে, রিপোর্ট আসলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও বলেন, হামের সংক্রমণ যেন এলাকায় বিস্তার লাভ করতে না পারে, সেজন্য স্বাস্থ্য বিভাগ প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। 

মঙ্গলবার (৩১ মার্চ) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন নাটোরের সাড়ে তিন মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। চলতি মৌসুমে জেলায় হামের লক্ষণ থাকা ৩৮ জনের নমুনা পরীক্ষার পর ১৩ জনের শনাক্ত হয়েছে।