অনলাইনে চটকদার প্রচারণা আড়ালে ভেজাল পণ্য বিক্রি, ইকবাল স্টোরকে জরিমানা

সামাজিক যোগাযোগমাধ্যমে কখনও বিশেষজ্ঞ চিকিৎসক কখনও ধর্মীয় বক্তার মতো সাবলীল উপস্থাপনা আর চটকদার ভিডিও বিজ্ঞাপনের আড়ালে দীর্ঘদিন ধরে নকল শিশুখাদ্য, মেয়াদোত্তীর্ণ প্রসাধনী এবং খাবারে ব্যবহারের জন্য শিল্পকারখানার ক্ষতিকর রং বিক্রি করে আসছিল চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের পরিচিত প্রতিষ্ঠান ‘মেসার্স ফজল দিন ইকবাল দিন’। অনলাইনে যা ‘ইকবাল স্টোর’ নামে পরিচিত।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে রিয়াজউদ্দিন বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের অভিযানে প্রতিষ্ঠানটির এই প্রতারণার চিত্র বেরিয়ে আসে। অভিযানে প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে প্রতিষ্ঠানটিতে পাওয়া যায় নকল ডানো ক্রিম দুধ, নিষিদ্ধ কাশ্মীরি মরিচ এবং খাবারে ব্যবহারের জন্য বিক্রির উদ্দেশে রাখা শিল্পকারখানার ক্ষতিকর রং। পাশাপাশি বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত বিদেশি প্রসাধনসামগ্রী জব্দ করা হয়।
অভিযানকালে প্রসাধনসামগ্রীর প্যাকেটে আমদানিকারক প্রতিষ্ঠানের কোনো তথ্য বা পরিচয় পাওয়া যায়নি। এ ছাড়া এসব পণ্যের ক্রয়-বিক্রয়ের কোনো বৈধ ভাউচারও দেখাতে পারেনি প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এ সময় সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও মাহমুদা আক্তার উপস্থিত ছিলেন।
অভিযান শেষে মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, প্রতিষ্ঠানটি যথাযথভাবে ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত প্রসাধনসামগ্রী, নকল খাদ্যপণ্য এবং খাবারে ব্যবহারের জন্য শিল্পকারখানার রং বিক্রি করছিল। এসব পণ্যে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর উপাদান থাকার আশঙ্কা রয়েছে।
তিনি আরও জানান, ভোক্তাদের নিরাপদ খাদ্য ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে দোকানে উপস্থিত ছিলেন না প্রতিষ্ঠানটির পরিচালক ও ‘ইকবাল স্টোর’ ফেসবুক পেজের মাধ্যমে দেশ-বিদেশে পরিচিত মুখ মোহাম্মদ নাঈম ইকবাল। ইকবার স্টোর ফেসবুক পেজে বলা আছে, ১৯৪৬ সাল থেকে তারা চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে আস্থা, বিশ্বাস ও মানসম্মত পণ্য সরবরাহের মাধ্যমে গ্রাহকদের সেবা দিয়ে আসছেন।

