পলাতকদের দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এশিয়া পোস্ট নিউজ, মুন্সীগঞ্জ
পলাতকদের দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মুন্সীগঞ্জ সদর উপজেলায় এক অনুষ্ঠানে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: এশিয়া পোস্ট

বিভিন্ন দেশে পালিয়ে থাকা আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচারকাজ সম্পন্ন করতে সরকার কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শনিবার (১১ জুলাই) বিকেলে মুন্সীগঞ্জ সদর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত ‘নারী অগ্রযাত্রা, শিক্ষা ও ক্যারিয়ার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে শেখ হাসিনার বিচারকাজ সম্পন্ন হয়েছে এবং তার সাজা ঘোষণা করা হয়েছে। আরও অনেক স্বৈরাচারীর বিচার সম্পন্ন হয়েছে। যারা বিদেশে পালিয়ে রয়েছে, তাদের দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে বিচারকাজ সম্পন্ন করার প্রক্রিয়া অন্তর্বর্তী সরকার থেকেই শুরু হয়েছে এবং বর্তমান সরকারও তা অব্যাহত রেখেছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। স্বাধীনতার পর এবারের বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। বিশেষ করে নারী শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হয়েছে, যা বাস্তবায়নে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ রাখা হয়েছে। তিনি এবারের বাজেটকে নারীবান্ধব বাজেট হিসেবেও উল্লেখ করেন।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এবং জেলা পরিষদ প্রশাসক এ কে এম ইরাদত হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।