logo

প্রেমিকের বাইক চালাচ্ছিল প্রেমিকা, প্রাণ গেল দুজনেরই

প্রেমিকের বাইক চালাচ্ছিল প্রেমিকা, প্রাণ গেল দুজনেরই
চৌগাছা থানা, যশোর। ছবি: এশিয়া পোস্ট

যশোরের চৌগাছায় ঘুরতে বেরিয়ে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে প্রেমিক-প্রেমিকা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া-টালিখোলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অয়ন হোসেন (২২) ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। নিহত কিশোরীর বয়স ১৭ বছর। তার বাড়ি চৌগাছা পৌরশহরে।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে অয়ন ও ওই কিশোরী নম্বরবিহীন সাদাকালো রঙের একটি সুজুকি ১৫০ সিসি মোটরসাইকেলে করে চৌগাছা থেকে যশোর সড়কের আড়ারদাহ ক্যাফের উদ্দেশ্যে রওনা হন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন ওই কিশোরী। পথে কয়ারপাড়া-টালিখোলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অয়ন হোসেনকে মৃত ঘোষণা করেন। কিশোরীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, স্থানীয়দের মাধ্যমে পুলিশ জানতে পেরেছে, নিহত দুজন প্রেমিক-প্রেমিকা। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন ওই কিশোরী। তাদের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।