গাজীপুরে প্রকাশ্যে নারীকে কুপিয়ে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

গাজীপুর মহানগরীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্যে ছুরিকাঘাতে এক নারী ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ছাত্রদলের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩১ জানুয়ারি) রাত ২টার দিকে পুলিশ অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে, একইদিন বেলা ১১টার দিকে গাজীপুর মহানগরীর ৩৫ নম্বর ওয়ার্ডের দুলাল মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম রানু বেগম। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার মাইজবাগ এলাকার মো. হিরোনের স্ত্রী। রানু গাছা এলাকার দুলাল মার্কেটে অবস্থিত ‘রানী ফ্যাশন গ্যালারি’ নামের একটি কাপড়ের দোকানের মালিক ছিলেন।
গ্রেপ্তার আশিক ইসলাম স্বপন (২৭) গাজীপুর মহানগরীর গাছা থানাধীন বাড়ি কলমেশ্বর এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি গাজীপুর মহানগর ছাত্রদলের গাছা থানা ৩৫ নম্বর ওয়ার্ড শাখার সাবেক সাধারণ সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টাকা লেনদেনকে কেন্দ্র করে আশিকের সঙ্গে রানুর ঝগড়া হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে আশিক রানুকে ছুরিকাঘাত করে। এ সময় মাকে বাঁচাতে এগিয়ে এলে রানুর ছেলে হৃদয়কেও (২২) ছুরিকাঘাত করা হয়। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় মা-ছেলেকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রানুকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাতেই ছুরিকাঘাতে আহত হৃদয় বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।
গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর এশিয়া পোস্টকে বলেন, আমরা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দিই না। আশিক যদি অপরাধ করে থাকে, তাহলে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সে আগের কমিটিতে ছিল। বর্তমানে সংগঠনের কোনো কার্যক্রমে সে যুক্ত নয়।
এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান এশিয়া পোস্টকে জানান, রাতে ভালুকা থানা এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হত্যার ঘটনাটি ঘটেছে।