হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে প্রাণ গেল আরও ২ শিশুর

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে ৩৯ শিশুর মৃত্যু হলো। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন মোট ৬২ শিশু।
মঙ্গলবার (২৬ মে) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকালপারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ১৯ মে রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ সদরের দাপুনিয়া এলাকা থেকে ৬ মাসের শিশু ছেলেকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। শিশুটি হামের উপসর্গের পাশাপাশি নিউমোনিয়া ও হার্টের সমস্যায় ভুগছিল। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
এ ছাড়া গত ২০ মে বেলা ১১টায় নেত্রকোনা মোহনগঞ্জ উপজেলার দেওথান গ্রাম থেকে ১০ মাসের শিশু ছেলেকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। শিশুটি হামের উপসর্গের পাশাপাশি নিউমোনিয়া ও হার্টের সমস্যায় ভুগছিল। গতকাল সোমবার সকাল সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৭ মার্চ থেকে ২৬ মে সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৬০৯ শিশু ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ২৯ শিশু। এ নিয়ে হাসপাতাল থেকে মোট ছাড়া পেয়েছে ১ হাজার ৫০৮ শিশু।
