প্রধানমন্ত্রী একটি প্রতিষ্ঠানের সিইওর মতো কাজ আদায় করছেন: জনপ্রশাসন উপদেষ্টা

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন যে, ‘আই হ্যাভ এ প্ল্যান’। তিনি তা বাস্তবায়নের কাজ শুরু করেছেন, ঝাঁপিয়ে পড়েছেন। একটি প্রতিষ্ঠানের সিইওর মতো প্রতিটি বিষয় বিস্তারিত দেখছেন, মনিটর করছেন এবং সেভাবেই কাজ আদায় করছেন। সারা পৃথিবীর মধ্যে এটি চমকপ্রদ এবং ব্যতিক্রম। এটি আমাদের জন্য অনুপ্রেরণা। এটি বিশ্বে আন্তর্জাতিকভাবে দারুণ প্রশংসিত হয়েছে। সামনে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর সার্কিট হাউসে তিনি এসব কথা বলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর এই প্রথম তিনি নিজ জেলা লক্ষ্মীপুরে এসেছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী ধন্যবাদ জানিয়ে ইসমাইল জবিউল্লাহ বলেন, গত দেড় দশকের বেশি সময় বাংলাদেশে জনপ্রশাসনকে দলীয়করণ করা হয়েছে। এতে জনপ্রশাসন নিরপেক্ষতা হারিয়েছে, দক্ষতা হারিয়েছে। দেশের সর্বস্তরেই প্রায় ধস নেমেছে। প্রশাসনও সেটা থেকে মুক্ত নয়। প্রধানমন্ত্রীর পলিসি অনুযায়ী আমরা একটা দক্ষ, নিরপেক্ষ, মেধাভিত্তিক প্রশাসন দেশের জনগণকে উপহার দেব। তারা জনগণের সেবক হিসেবে কাজ করবে, প্রশাসক হিসেবে নয়। সবাই মিলে বাংলাদেশকে বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত দেশে পরিনত করব।
তিনি বলেন, বিএনপি-ধানের শীষের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক। সবার আগে বাংলাদেশ—এটি হচ্ছে আমাদের মূল পরিচয়, মূল বক্তব্য। নির্বাচনের আগে পরিস্থিতি ছিল একরকম, নির্বাচনের পরে পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। এখন আমাদের সবার দায়িত্ব এসে পড়েছে। যে কথাগুলো বলে আমরা জনগণের কাছে গিয়েছি, ভোট চেয়েছি, জনগণ অকৃপণভাবে আমাদের ভোট দিয়েছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি বিজয় অর্জন করেছে। এই বিজয়ের সাংঘাতিক দায়ভার আছে। দায়বদ্ধতা ও জবাবদিহিতা অনেক। সেগুলো মনে রেখে আগামী দিনগুলোতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।
লক্ষ্মীপুর সার্কিট হাউসে গার্ড অব অনার শেষে উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক (ডিসি) এসএম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার (এসপি) মো. আবু তারেক, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বাক হাছিবুর রহমান, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান হাছানুজ্জামান চৌধুরী মিন্টু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আহমেদ ফেরদৌস মানিক, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, জেলা যুবদলের সভাপতি সৈয়দ রশিদুল হাসান লিংকন ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন প্রমুখ।
এ সময় লক্ষ্মীপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেলসহ অন্য সদস্যরা উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি লক্ষ্মীপুর জেলার রাজনৈতিক নেতা, গণ্যমান্য ব্যক্তি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মতবিনিময় করেন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান।