সন্দেহভাজনকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল পুলিশ সদস্যের

চট্টগ্রাম নগরে বাসের ধাক্কায় আহত হয়ে চিকিৎসাধীন এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। দায়িত্বপালনকালে সন্দেহভাজনদের মোটরসাইকেলে ধাওয়া করতে গিয়ে বাসের ধাক্কায় গুরতর আহত হন তিনি।
সোমবার (৫ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থান মৃত্যুবরণ করেন পুলিশের পিএমও শাখার এই সদস্য। এ ঘটনায় বাসটির চালক মো. মোশারফ (৩৮) ও সহকারী জয় দাশকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার ভোরে ওয়াসা মোড়ের তল্লাশিচৌকিতে সহকর্মীদের সঙ্গে দায়িত্ব পালন করছিলেন পুলিশ কনস্টেবল আল আমিন। হঠাৎ নজরে আসে তিন পথচারীর সন্দেহজনক গতিবিধি। থামার সংকেত দিতেই জামিয়াতুল ফালাহ মসজিদের দিকে দৌড় দেন একজন। মোটরসাইকেলে করে সন্দেহভাজনদের পিছু নেন আল আমিন। এমন সময় পেছন দিক থেকে আসা একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরতর আহত হন তিনি। তাকে তাৎক্ষণিক উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) আইসিইউতে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। ২৪ ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর সোমবার সকালে মারা যান তিনি।
নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) হাবিবুর রহমান বলেন, চমেকের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। কর্তব্যের প্রতি তার এমন আত্মনিবেদন স্মরণীয় হয়ে থাকবে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির ঘটনার, ঘটনার পরপরই ঘাতক বাসচালক ও সহকারীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে।
