logo

শিয়াল ঠেকাতে শশা ক্ষেতে বৈদ্যুতিক ফাঁদ, প্রাণ গেল যুবকের

শিয়াল ঠেকাতে শশা ক্ষেতে বৈদ্যুতিক ফাঁদ, প্রাণ গেল যুবকের
জয়পুরহাটের পাঁচবিবি থানা।

জয়পুরহাটের পাঁচবিবিতে শিয়ালের উপদ্রব থেকে শশা ক্ষেত রক্ষায় জমির চারপাশে টানানো বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাকিব হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের পশ্চিম কড়িয়া (লকমা) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাকিব ওই গ্রামের আবুল খায়েরের ছেলে। তিনি পেশায় টাইলস মিস্ত্রি ছিলেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কৃষক আবু বক্কর শিয়ালের উপদ্রব থেকে শশা ক্ষেত রক্ষার জন্য জমির চারপাশে বৈদ্যুতিক সংযোগ দিয়ে তার টানিয়ে রেখেছিলেন। শনিবার রাতে শশা খাওয়ার জন্য ওই জমিতে গেলে সাকিব বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানান। রোববার সকালে মাঠে কাজ করতে গিয়ে এক কৃষক শশা ক্ষেতের মধ্যে বৈদ্যুতিক তারে পেঁচানো অবস্থায় সাকিবের মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পাঁচবিবি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পাঁচবিবি থানার ওসি (তদন্ত) মোকলেছুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।