না জানিয়ে কমিটিতে নাম, এনসিপি ছাড়লেন ফারহা এমদাদ

জাতীয় নারী শক্তির কেন্দ্রীয় কমিটির পদে দায়িত্ব দেওয়ার আগে ‘সম্মতি বা অবগত’ না করার কারণ দেখিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনীতি থেকে সরে দাঁড়ালেন ফারহা এমদাদ ইম্পা।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি দলটির সকল পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।
পোস্টে তিনি লিখেন, ‘এনসিপির সঙ্গে আমার পথচলা এখানেই শেষ। আমি এনসিপির সঙ্গে যুক্ত থাকাকালে যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন।’
শনিবার ষোষিত জাতীয় নারী শক্তির কেন্দ্রীয় কমিটিতে ফারহা এমদাদকে ‘সংগঠক’ হিসেবে মনোনীত করা হয়। কমিটির ষোষণার দিনই কেন তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন–বিষয়টি নিয়ে জানতে তার ফোনে কল দিয়ে যোগাযোগের চেষ্টা করা হয়। তিনি কল রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।
জাতীয় নাগরিক পার্টি ও নারীশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক বরাবর পাঠানো চিঠিতে তিনি উল্লেখ করেন, অনুমতি ছাড়া কাউকে কোনো দায়িত্বে অন্তর্ভুক্ত করা ‘অন্যায়’।
তিনি আরও জানান, বিগত কয়েক মাস ধরে তিনি জাতীয় নাগরিক পার্টির কুমিল্লা মহানগরের যুগ্ম সমন্বয়কারী হিসেবে সততার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তিনি সব দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়া প্রয়োজন মনে করছেন।
পদত্যাগপত্রে তিনি স্পষ্ট করে বলেন, আমি এই মুহূর্তে জাতীয় নারীশক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক পদ এবং জাতীয় নাগরিক পার্টি কুমিল্লা মহানগরের যুগ্ম সমন্বয়কারীর পদ হতে তাৎক্ষণিকভাবে পদত্যাগ করছি।
এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা অঞ্চল তত্ত্বাবধায়ক নাভিদ নওরোজ শাহ্ এশিয়া পোস্টকে বলেন, তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছি। সংগঠনের ব্যাপারে কোন অভিমান থাকলে সেটি আলোচনার মাধ্যমে সমাধানের নিশ্চয়তা দিয়েছি।