ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের আনন্দ মিছিল

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধউর-আশুলিয়া সার্ভিস লেন সাধারণ যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগের সাভার উপজেলা কমিটির নেতাকর্মীরা।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আশুলিয়া বাজারের ওপরে এ মিছিল করা হয়। এ সময় মিছিলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাভার উপজলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলে ব্যানারে লেখা ছিল, ‘ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে সাধারণ যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে সাভারবাসীর পক্ষ থেকে ধন্যবাদ।’
সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকের পক্ষ থেকে মিছিলটির আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। মিছিল থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে সাধারণ যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ায় শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।
আশুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) আব্দুল হাই এশিয়া পোস্টকে জানান, দুপুরে একটি বাসে করে এসে একদল যুবক হঠাৎ মিছিল করে আবার দ্রুত চলে যান। তারা কেউ এই এলাকার বাসিন্দা নন এবং স্থানীয়দের কেউ তাদের চিনতেও পারছেন না। সম্ভবত সাভার থেকে বাস নিয়ে এসে এমন ঝটিকা মিছিল করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।



