logo

জমি লিখে না দেওয়ায় দাদিকে কুপিয়ে হত্যা

জমি লিখে না দেওয়ায় দাদিকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের ফুলপুরে জমি লিখে না দেওয়ায় আয়েশা খাতুন (৭০) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে নাতির বিরুদ্ধে। এ ঘটনায় নাতি জসিম উদ্দিনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৯ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের জাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আয়েশা খাতুন একই গ্রামের মৃত নবী হোসেনের মেয়ে। আটক জসিম উদ্দিন মৃত মহিদুল ইসলামের ছেলে। তারা সম্পর্কে দাদি-নাতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অনেক আগেই আয়েশা খাতুনের বিবাহবিচ্ছেদ হয়। তার একমাত্র ছেলের সন্তান জসিম। জসিমের জন্মের পর তার বাবা মারা যান। পরে জসিমের মা অন্যত্র বিয়ে করেন। জসিম তার দাদি আয়েশা খাতুনের কাছে ছিলেন। পরে জসিম বিয়ে করে দাদির বাড়ি থেকে কিছুটা দূরে বাড়ি তৈরি করেন। তার দুই সন্তান আছে। সম্প্রতি পারিবারিক কলহের জেরে জসিমের স্ত্রী তাকে ছেড়ে চলে যান। জসিম একাই নিজ বাড়িতে থাকেন। আয়েশা খাতুনের নামে বেশি কিছু জমি আছে, যার কিছু অংশ জসিম চাষাবাদ করেন।

আয়েশা খাতুনের এক ভাই আছেন। তার সন্তান আছে। দাদির ভাইয়ের সন্তান জমিতে ভাগ বসাতে পারেন, এমন সন্দেহে দাদিকে জমি লিখে দিতে চাপ দিতেন জসিম। এ নিয়ে দাদি-নাতির মধ্যে বিরোধ চলে আসছিল। বুধবার রাত নয়টার দিকে বিষয়টি নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে জসিম দা দিয়ে আয়েশা খাতুনকে এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করে। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে জসিমকে আটক করে পুলিশে খবর দেয়।

এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে জসিমকে আটক করে এবং মরদেহ উদ্ধার করে। মরদেহটি সকালে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।