নাটোরে আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু

নাটোরের গুরুদাসপুরে আগুনে পুড়ে মা ও তার এক বছর বয়সী মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর দগ্ধ হয়েছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোর পৌনে ৪টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া বিন্নাবাড়ী এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মারা যাওয়া দুজন হলেন স্থানীয় কৃষক রান্টুর স্ত্রী আতিয়া (২৮) ও তাদের এক বছর বয়সী মেয়ে রওজা। এ ঘটনায় রান্টুর মা মর্জিনা বেগম গুরুতর দগ্ধ হয়েছেন।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনে রান্টুর বসতবাড়ির চারটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। পাশাপাশি পাশের একটি মুদি দোকানও আগুনে ভস্মীভূত হয়। এছাড়া অগ্নিকাণ্ডে ১২টি ছাগল পুড়ে মারা গেছে। স্থানীয়দের ধারণা, এতে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে গুরুদাসপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান এশিয়া পোস্টকে বলেন, ভোর ৪টা ৪৫ মিনিটে আগুন লাগার খবর পায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে আগুনে পুড়ে মা ও মেয়ের মৃত্যু হয়। প্রাথমিক বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।