logo

‘ল্যাপটপগুলো ভাগাভাগি করে খেয়ে ফেললেন’ ফেসবুকে বিএনপি নেতার ক্ষোভ

‘ল্যাপটপগুলো ভাগাভাগি করে খেয়ে ফেললেন’ ফেসবুকে বিএনপি নেতার ক্ষোভ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম। ছবি: এশিয়া পোস্ট

ল্যাপটপ বণ্টন ও সারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় নিজের ফেসবুক স্ট্যাটাসে এসব অভিযোগ তুলে জয়পুরহাটের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে।

নিজ নামের ফেসবুক আউডি থেকে দেওয়া পোস্টে ফয়সল আলিম লেখেন, ‘ল্যাপটপগুলো ভাগাভাগি করে নিজেদের মধ্যে খেয়ে ফেললেন। বিগত ছয় মাসে ২০ থেকে ৩০ শতাংশ করে খাওয়া শেষ, এখন আর কিছুই নাই খাওয়ার মতো, কারণ খাওয়া স্থগিত হয়ে গেছে।’

সারের ডিলার নিয়োগ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। তার অভিযোগ, ডিলারশিপ বণ্টনে নির্যাতিত নেতাকর্মীরা সুযোগ পাননি বরং প্রভাবশালীদের আত্মীয়স্বজনদের প্রাধান্য দেওয়া হয়েছে। তিনি লেখেন, ‘সারের ডিলারশিপ এমনভাবে দিলেন, যাতে নির্যাতিত নেতাকর্মীরা কেউ সুযোগ পেল না। আত্মীয়স্বজন, স্ত্রী, ভাই, ছেলে, মেয়ে, শাশুড়ি কাউকে বাদ রাখলেন না। আমি তো অবাক নয়নে দেখে যাচ্ছি, আমাদের জয়পুরহাটের কী হবে।’

ফেসবুক পোস্টের মন্তব্যে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা প্রতিক্রিয়া জানান। কেউ তার বক্তব্যের প্রতি সমর্থন জানান, আবার কেউ অভিযোগের পরিবর্তে নেতাকর্মীদের জন্য কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। পুরানাপৈল ইউনিয়নের বিএনপি কর্মী উজ্জ্বল হোসাইন মন্তব্যে লেখেন, ‘এসব বলার চাইতে আপনে কিছু করে দেখান ভাই।’

ফেসবুক স্ট্যাটাসের বিষয়ে জানতে চাইলে ফয়সল আলিম মোবাইল ফোনে বলেন, আমাদের প্রধানমন্ত্রী দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেন না। তাই এসব অনিয়মের বিরুদ্ধে আমি সোচ্চার থাকব এবং অনিয়মগুলো তুলে ধরবই। সারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ পুনর্ব্যক্ত করে তিনি প্রশ্ন তোলেন, তার নির্যাতিত নেতাকর্মীদের কেন ডিলার নিয়োগ দেওয়া হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন বলেন, ফয়সল আলিমের ফেসবুক স্ট্যাটাসের বক্তব্য রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। ফয়সল আলিম যেসব অনিয়মের কথা বলেছেন, সেগুলো সত্য নয়। ডিলার নিয়োগের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।