দুবাই প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়াতে চেষ্টা চলছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

দুবাইয়ে প্রবাসী বাংলাদেশিদের ভিসার মেয়াদ বৃদ্ধি (ভিসা এক্সটেনশন) নিয়ে কূটনৈতিক পর্যায়ে কাজ চলছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
তিনি বলেন, দুবাইয়ে শ্রমবাজার নিয়ে মিস ইনফরমেশন (ভুল তথ্য) আছে কি না–তা খতিয়ে দেখা হচ্ছে। দুবাইয়ে ভিসা এক্সটেনশন (মেয়াদ বৃদ্ধি) নিয়ে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে। সপ্তাহখানেকের মধ্যে দুবাইয়ের অবস্থান নিশ্চিত হয়ে সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সিলেট ইসকন মন্দিরে রথযাত্রা উৎসব উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এক প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, চা শ্রমিকদের মানসম্মত জীবনযাপন নিশ্চিত করতে সরকার কাজ করছে। চা শ্রমিকদের জন্য মানসম্মত থাকার ব্যবস্থা, পরিবারের সদস্যদের চিকিৎসাসেবা এবং সন্তানদের লেখাপড়ার সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।
তিনি আরও বলেন, চা শ্রমিকের বিষয়টা আমরা মনে করি, তাদের মানসম্মত অবস্থান হওয়া উচিত। তাদের পরিবার-পরিজন যেন চিকিৎসা পায়, তাদের বাসস্থানের যেন সুন্দর ব্যবস্থা হয়, তাদের সন্তানদের লেখাপড়ার সুযোগ যেন থাকে।
সাম্প্রতিক ঈদুল ফিতর ও ঈদুল আযহায় প্রতিটি চা শ্রমিক তাদের প্রাপ্য উৎসব ভাতা পেয়েছেন দাবি করে মন্ত্রী বলেন, বর্তমান সরকার মাত্র পাঁচ মাসের মধ্যে শ্রমিকবান্ধব মনোভাবের প্রমাণ দিয়েছে। শ্রমিকদের প্রতি দায়িত্বশীলতা প্রদর্শন করা এই সরকারের অঙ্গীকার।
এর আগে মন্ত্রী ইসকনের রথযাত্রার উদ্বোধন করেন। এ সময় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক কাইয়ুম চৌধুরীসহ অতিথিরা উপস্থিত ছিলেন।
.png)






