logo

মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুরে মাদক মামলায় রানা আহমেদ নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ মো. গোলাম কবির এই আদেশ দেন। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন আদালত।

রানা আহমেদ মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান হাওড়াপাড়া গ্রামের হামিদুল হকের ছেলে। এ মামলার অপর দুই আসামি সাইফুল ইসলাম ও রুহুল আমিনকে খালাস দেওয়া হয়েছে। 

মামলার বিবরণে জানা গেছে, ২০২০ সালে ২৯ এপ্রিল রাতে গাংনী উপজেলার হাড়াভাঙ্গা সেন্টারবাজার এলাকা থেকে ডাম্পট্রাকে তল্লাশি চালিয়ে ৬৩৯ বোতল ফেনসিডিলসহ রানা আহমেদকে আটক করে পুলিশ। এ সময় ডাম্পট্রাক থেকে অপর দুই আসামি সাইফুল ইসলাম ও রুহুল আমিন পালিয়ে যান। 

পরদিন তিনজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি মামলা করা হয়। মামলার প্রাথমিক তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা গাংনী থানার এসআই আব্দুল হক আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলা নথিপত্র পযর্যবেক্ষণ, শুনানি ও অভিযোগপত্র পর্যালোচনা করে আদালত রানা আহমেদকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন। অপর দুই আসামিকে খালাস দেন আদালত।