logo

পরিত্যক্ত ভবনের পাশে মিলল অজ্ঞাত কিশোরীর মরদেহ

পরিত্যক্ত ভবনের পাশে মিলল অজ্ঞাত কিশোরীর মরদেহ
ছবি : এশিয়া পোস্ট গ্রাফিক্স

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বসুন্ধরা রিভারভিউ প্রকল্পের একটি পরিত্যক্ত ভবনের পাশ থেকে অজ্ঞাত এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ১৮ থেকে ২০ বছর বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (২৪ অক্টোবর) সকালে প্রকল্পের সি-ব্লকের ২ নম্বর সড়কের একটি পরিত্যক্ত ভবনের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় লোকজন মরদেহটি পড়ে থাকতে দেখে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। পরে দক্ষিণ কেরানীগঞ্জ থানা-পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন।

পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে এখনও নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।

স্থানীয় লোকজনের ধারণা, রাতে ওই কিশোরীকে ভবন থেকে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। তবে তার মৃত্যু কীভাবে হয়েছে, তা এখনও নিশ্চিত নয়। এটি হত্যাকাণ্ড কি না, তা তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর স্পষ্ট হবে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) মো. তরিকুল ইসলাম জানান, পুলিশ, পিবিআই ও সিআইডির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে।