logo

বাজার অস্থিরতার মধ্যে ভারত থেকে এলো ২১ টন কাঁচামরিচ

বাজার অস্থিরতার মধ্যে ভারত থেকে এলো ২১ টন কাঁচামরিচ
কাঁচামরিচ। ছবি : এশিয়া পোস্ট

দেশের বাজারে কাঁচামরিচের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ভারত থেকে কাঁচামরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার। প্রায় ৯ মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। প্রথম দিনে তিনটি ট্রাকে ২১ টন কাঁচামরিচ দেশে এসেছে।

সোমবার (৩ আগস্ট) বিকেল ৫টার দিকে ভারত থেকে কাঁচামরিচবোঝাই তিনটি ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের মাধ্যমে আমদানি কার্যক্রম শুরু হয়।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বন্যা ও অতিবৃষ্টির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচামরিচের উৎপাদন কমে যাওয়ায় বাজারে উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। দেশের বিভিন্ন এলাকায় প্রতি কেজি কাঁচামরিচ ৩০০ থেকে ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ পরিস্থিতিতে বাজার স্থিতিশীল রাখতে আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, দিনাজপুরের বিভিন্ন বাজারে বর্তমানে জাতভেদে প্রতি কেজি কাঁচামরিচ ২৮০ থেকে ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা গত এক সপ্তাহ ধরে প্রায় অপরিবর্তিত রয়েছে।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা উজ্জ্বল হোসেন বলেন, আজ প্রথম দিনেই তিনটি ট্রাকে ২১ টন কাঁচামরিচ আমদানি হয়েছে। বর্তমানে ৭৪টি আবেদনের বিপরীতে ২৭ হাজার ১০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে আমদানির খবরে বাজারে ইতোমধ্যে ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, আমদানির সংবাদ ছড়িয়ে পড়ার পর কাঁচামরিচের দাম কেজিপ্রতি প্রায় ৩০ টাকা কমেছে। নিয়মিত আমদানি অব্যাহত থাকলে সরবরাহ আরও বাড়বে এবং দাম সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে চলে আসবে বলে আশা করছেন তারা।