মাছ লুট করে ট্রলারের ‘ইঞ্জিন বিকল’ করে দেয় জলদস্যুরা

বঙ্গোপসাগরে বিকল ট্রলারসহ ভাসমান অবস্থায় ২০ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। শুক্রবার (৩০ জানুয়ারি) ভোর ৬টার দিকে কুতুবদিয়ার পশ্চিমের বঙ্গোপসাগর থেকে তাদের উদ্ধার করে নৌবাহিনী জাহাজ ‘বানৌজা সুরমা’।
নৌবাহিনীর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ১৯ জানুয়ারি চট্টগ্রাম থেকে একটি ট্রলার নিয়ে সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যায়। পরবর্তীতে গত ২৮ জানুয়ারি ভোররাত ৪টার দিকে অপর একটি ট্রলারযোগে ১০-১২ জলদস্যু দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় দস্যুরা জেলেদের জিম্মি করে ট্রলারে থাকা মাছ, ৪ ড্রাম ডিজেল, গ্যাস সিলিন্ডারসহ জেলেদের ব্যক্তিগত মালামাল লুট করে এবং ট্রলারের ইঞ্জিন বিকল করে দেয়।
নৌবাহিনী আরও জানায়, খবর পেয়ে সকাল ৬টায় জরুরি টেলিবার্তার মাধ্যমে ইঞ্জিন বিকল অবস্থায় ট্রলার ভাসতে থাকার সংবাদ পায় নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা সুরমা’। পরবর্তীতে নৌবাহিনীর জাহাজ ট্রলারটি উদ্ধারের উদ্দেশ্যে ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় ভাসমান অবস্থায় থাকা দুর্ঘটনার শিকার ২০ মাঝিমাল্লা উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধার জেলেদের প্রাথমিক চিকিৎসা প্রদানসহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
এতে জানানো হয়, বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ দেশের সমুদ্রসীমার নিরাপত্তা ও সমুদ্রে সুশাসন প্রতিষ্ঠায় বঙ্গোপসাগরে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছে।