নড়াইলে বাস মালিক সমিতির কমিটি গঠন নিয়ে উত্তেজনা

নড়াইলে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন নিয়ে দুপক্ষ মুখোমুখি অবস্থান নেওয়ায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।
শনিবার (১৩ জুন) সকালে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির কার্যালয়ের নিচে পুরাতন বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।
জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি হিসেবে সরদার আলমগীর হোসেন আলম ও সাধারণ সম্পাদক হিসেবে কাজী জহিরুল হক জহির সংগঠনের দায়িত্ব পালন করে আসছিলেন।
গত ৯ জুন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম স্বাক্ষরিত এক পত্রে দেলোয়ার হোসেনকে সভাপতি এবং আলী হাসানকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটি অনুমোদনের পর থেকে পুরোনো ও নতুন কমিটির নেতাদের মধ্যে বিরোধ শুরু হয়। এর জেরে শনিবার সকালে সাবেক ও বর্তমান কমিটির দুটি পক্ষ মুখোমুখি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে জেলা পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে তালা ঝুলিয়ে উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানানো হয়। এতে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস বলেন, আপাতত জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে তালা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।