ইবি শিক্ষক রুনা হত্যা: দুই শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত দুই শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (৭ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
বরখাস্তকৃতরা হলেন সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার, সহকারী অধ্যাপক হাবিবুর রহমান এবং উম্মূল মুমিনিন আয়েশা সিদ্দিকা হলের সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস।
অফিস আদেশে বলা হয়েছে, রুনা হত্যা মামলায় অভিযুক্ত সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার, অধ্যাপক হাবিবুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা হলের সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাসকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ধারা ১৫৪ অনুসারে এ আদেশ দেওয়া হয়েছে।
এর আগে সংঘটিত এই নৃশংস হত্যাকাণ্ডের বিষয়ে সুষ্ঠু তদন্ত করে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। গঠিত তদন্ত কমিটিতে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমানকে আহ্বায়ক এবং উপ-রেজিস্ট্রার (শিক্ষা) গোলাম মওলাকে সদস্যসচিব করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. রশিদুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম এবং লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. গাজী আরিফুজ্জামান খান।
কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান জানান, চিঠি পাওয়ার পর সদস্যদের সঙ্গে আলোচনা হয়েছে। দ্রুত তদন্ত শেষ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে।
এর আগে, গত ৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা নিহত হন। এ ঘটনায় থানায় মামলা করা হলে প্রাথমিক তথ্যের ভিত্তিতে আসামিদের নাম পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এই তিনজনকে সাময়িক বরখাস্ত করে।