রামেক হাসপাতালে ডেঙ্গুতে একজনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। অন্যদিকে, চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।
সোমবার (৩১ আগস্ট) রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃত রোগীর নাম আব্দুল হান্নান (৫০)। তিনি চাঁপাইনবাবগঞ্জের হুজরাপুর এলাকার নজরুল ইসলামের ছেলে। গতকাল ৩০ আগস্ট জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে তাকে রামেক হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। ভর্তির সময়ই তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতালের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে ১৭ জন ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালটিতে ৪৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
চিকিৎসকদের মতে, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর কেবল জ্বরের মাত্রা দেখে রোগীর শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না। অনেক সময় জ্বর কমে যাওয়ার পরও রোগীর অবস্থার দ্রুত অবনতি হতে পারে। বিশেষ করে রোগীর অতিরিক্ত দুর্বলতা, তীব্র পেটব্যথা, বারবার বমি, শরীরের কোথাও থেকে রক্তপাত, শ্বাসকষ্ট কিংবা অস্বাভাবিক অস্থিরতার মতো উপসর্গ দেখা দিলে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে হবে।
এসব সতর্কতামূলক উপসর্গ দেখা দিলে রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার তাগিদ দিয়েছেন চিকিৎসকরা। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আক্রান্তদের নিবিড় পর্যবেক্ষণে রাখা এবং পর্যাপ্ত তরল খাবার নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন তারা।



