মেঘনায় জেলের জালে মৌসুমের সবচেয়ে বড় ইলিশ

ভোলার মনপুরায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের একটি ইলিশ। মাছটি রামনেওয়াজ মৎস্যঘাটে নিলামে ১৫ হাজার টাকায় বিক্রি হয়। পরে ঢাকার কারওয়ান বাজারের এক ব্যবসায়ীর কাছে মাছটির দাম ২০ হাজার টাকা ওঠে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মৎস্যঘাটের সাবিদ মেম্বারের মৎস্য আড়তে মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন জেলে এমরান মাঝি। পরে নিলামে ১৫ হাজার টাকায় মাছটি কিনে নেন মৎস্য ব্যবসায়ী সাবিদ মেম্বার।
জেলে এমরান মাঝি জানান, মঙ্গলবার মেঘনা নদীতে জাল ফেলার সময় অন্যান্য ছোট আকারের ইলিশের সঙ্গে বড় আকৃতির এই ইলিশটি ধরা পড়ে। পরে অন্যান্য মাছের সঙ্গে ইলিশটিও আড়তে এনে নিলামে তোলা হয়।
মৎস্য ব্যবসায়ী মো. মাইনউদ্দিন ও সাবিদ মেম্বার জানান, নিলামে তাদের পাশাপাশি আরও কয়েকজন ব্যবসায়ী অংশ নেন। পরে সাবিদ মেম্বার সর্বোচ্চ দর দিয়ে মাছটি কিনে নেন। মাছটি লঞ্চযোগে ঢাকার কারওয়ান বাজারে পাঠানো হবে। সেখানে এর দাম ২০ হাজার টাকা পর্যন্ত উঠেছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, বর্তমানে মেঘনা নদীতে ইলিশের সংকট চলছে। এর মধ্যে বড় আকৃতির ইলিশ জেলের জালে ধরা পড়লে তা জেলেদের জন্য কিছুটা স্বস্তির বিষয়। সামনে নদীতে আরও বড় আকৃতির ইলিশসহ অন্যান্য মাছ ধরা পড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

