দুই বাসের সংঘর্ষে আট মাস বয়সি শিশুসহ নিহত ২

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আট মাস বয়সি এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন যাত্রী। ভয়াবহ দুর্ঘটনায় একটি বাসের ছাদ খুলে সড়কের পাশে ছিটকে পড়ে। প্রায় দেড় ঘণ্টা কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
সোমবার (৮ জুন) বিকেল ৪টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলো শরীফ এন্টারপ্রাইজের চালক মোহাম্মদ আলী (২৫) ও আট মাস বয়সী শিশু মোহাম্মদ ইয়াহিয়া।
নিহতদের মধ্যে বাসচালক মোহাম্মদ আলী উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পাগলিরবিল এলাকার নুরুল ইসলামের ছেলে। অপরদিকে শিশু ইয়াহিয়া পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার ফাইতং এলাকার বাসিন্দা মঞ্জুর আলমের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, সোমবার বিকেলে কক্সবাজারমুখী চকরিয়া সার্ভিসের শরীফ এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা এভারগ্রিন পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাস দুটি দুমড়েমুচড়ে যায়। এ সময় একটি বাস সড়কে উল্টে পড়ে এবং বাসটির ছাদ খুলে অনেক দূরে ছিটকে যায়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালায়। আহতদের মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতাল ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পুলিশ জানায়, আহতদের মধ্যে মোহাম্মদ ইসমাইল (২৬), সিফাত (২৪), মো. জাহাঙ্গীর আলম (৩৫), নাইম (২৫), মাবুদ আব্দুল (৪০), জোসনা আক্তার (২৬), জনি (২৮), মো. আলী (৪৪), ইমা (১২), ফাতেমা বেগম (২৮) ও মো. রফিকুল ইসলাম (৩৮)-এর পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ইসমাইল ও সিফাতসহ চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী নজরুল ইসলাম জানান, সংঘর্ষের তীব্রতায় দুই বাসের সামনের অংশ সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়। শরীফ এন্টারপ্রাইজের বাসটির ছাদ ভেঙে অনেক দূরে ছিটকে পড়ে। দুর্ঘটনার পর মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
ওসি বলেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। দুর্ঘটনাকবলিত দুটি বাস জব্দ করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
.png)

