হোমনা সরকারি কলেজের শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা, আহত ৭

কুমিল্লার হোমনা সরকারি কলেজের শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দ্বাদশ শ্রেণির সাত শিক্ষার্থী আহত হয়েছেন।
বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে বাইক পার্কিং নিয়ে কথা-কাটাকাটির জেরে এ হামলার ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হলেন, রায়হান, হিমেল, জুবায়ের, আব্দুল্লাহ, নাইম, ইমরান ও প্রান্ত। তাদের হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, কলেজের প্রধান ফটকের সামনে বাইক পার্কিং নিয়ে বহিরাগত কয়েকজন যুবকের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই যুবকেরা আরও কয়েকজনকে নিয়ে এসে শিক্ষার্থীদের ওপর হামলা চালান। হামলাকারীদের হাতে হকিস্টিক, সুইচগিয়ার ছুরিসহ দেশীয় অস্ত্র ছিল। হামলায় কয়েকজন গুরুতর আহত হয়েছেন। পরে তাদের হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
আহত শিক্ষার্থী রায়হান বলেন, হামলায় জড়িত ব্যক্তিদের মধ্যে সুমন, রতন ও আল-আমিন নামে কয়েকজন ছিল। ঘটনার পর কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাদের কোনো খোঁজ নেওয়া হয়নি।
আরেক শিক্ষার্থী নাইম বলেন, কলেজ কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। দ্রুত তদন্ত করে ব্যবস্থা না নেওয়া হলে আন্দোলনে যেতে বাধ্য হব।
এ বিষয়ে হোমনা সরকারি কলেজের অধ্যক্ষ ড. মহিউদ্দিন মো. সেলিম ভূঁইয়া এশিয়া পোস্টকে বলেন, আমি ট্রেনিং এ আছি। এ বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য শিক্ষকদের দায়িত্ব দিয়েছি।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া এশিয়া পোস্টকে বলেন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী প্রথমে দরোয়ানের সঙ্গে ঝামেলা করে। পরে শুনছি, আরও কয়েকজনকে সে নিয়ে এসে হামলা চালায়। এতে কয়েকজন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি।
অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি টমাস বড়ুয়া।



