সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় মদ-গরু জব্দ

ফেনীর ছাগলনাইয়া ও জোরারগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে অর্ধকোটি টাকারও বেশি মূল্যের ভারতীয় মদ ও গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪ বিজিবি)। অভিযানে দেড় শতাধিক বোতল ভারতীয় মদ এবং ৫০টিরও বেশি গরু জব্দ করা হয়।
রোববার (১১ অক্টোবর) ভোরে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এসব মালামাল জব্দ করে। বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ৪ বিজিবি নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় বিজিবির একটি বিশেষ টহল দল গোপন তথ্যের ভিত্তিতে ছাগলনাইয়া ও জোরারগঞ্জ সীমান্তে অভিযান পরিচালনা করে।
অভিযানে চোরাচালানের মাধ্যমে আনা দেড় শতাধিক বোতল ভারতীয় মদ এবং ৫০টিরও বেশি গরু জব্দ করা হয়। জব্দ করা মালামালের বাজারমূল্য অর্ধকোটি টাকার বেশি। উদ্ধার করা এসব চোরাচালানি মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য স্থানীয় কাস্টমস অফিস ও থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
এ বিষয়ে ৪ বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল ইসলাম জানান, সীমান্তে মাদক ও চোরাচালানের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত এবং অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ ও তৎপর রয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির কঠোর নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।