logo

বাঘমারা বাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫১ পরিবার পেল অর্থসহায়তা

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, বান্দরবান
বাঘমারা বাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫১ পরিবার পেল অর্থসহায়তা
অর্থসহায়তা তুলে দেন সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মা। ছবি: এশিয়া পোস্ট

বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে সম্প্রতি সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারের সদস্যদের মধ্যে অর্থ সহায়তা দেওয়া হয়েছে। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মার উদ্যোগে এ সহায়তা দেওয়া হয়। একই সঙ্গে উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ও গ্রাউসের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে আর্থিক সহায়তা দেওয়া হয়।

সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মা বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর যে ক্ষতি হয়েছে, তা প্রকৃতপক্ষে অপূরণীয়। তারপরও আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করব।

ওয়ার্ল্ড ভিশন বান্দরবানের সিনিয়র ম্যানেজার আশিস কুমার হালদার বলেন, ওয়ার্ল্ড ভিশন ও গ্রাউসের পক্ষ থেকে যে অর্থসহায়তা দেওয়া হচ্ছে, তা মূলত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ব্যবসা পুনরায় চালু করার উদ্দেশ্যে। এই অর্থ যেন ব্যবসার কাজে সঠিকভাবে ব্যবহৃত হয়, সে বিষয়ে আমরা নিয়মিত পর্যবেক্ষণ ও মনিটরিং করব।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিসহ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সম্প্রতি বাঘমারা বাজারে অগ্নিকাণ্ডে বহু দোকান ও বসতঘর পুড়ে যায়। এতে অন্তত ৫১টি পরিবার ও ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হন।