‘জামায়াতে ভোট দিলে দিনের বেলাতেই তাদের রগ কাটব’

জামায়াতের কেউ ভোট কেন্দ্রে আসলে এবং ভোট দিলে দিনের বেলাতেই জামায়াতের নেতাকর্মীদের রগ কাটার হুমকি দিয়েছেন পাবনার এক কৃষক দল নেতা। তিনি হলেন ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মক্কেল মৃধা। এর আগে পাবনা-৪ আসনের জামায়াতের প্রার্থী আবু তালেব মণ্ডলের গাড়িতে হামলা চালিয়ে আলোচনায় এসেছিলেন। ওই ঘটনার মামলার প্রধান আসামি তিনি।
গত ১ ফেব্রুয়ারি সাহাপুর ইউনিয়নের চর গড়গড়ি দাখিল মাদ্রাসার মাঠে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিবের নির্বাচনি জনসভায় এ ঘোষণা দেন মক্কেল মৃধার। তারই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে মক্কেল মৃধা বলেন, ‘রাজশাহী বিভাগের যত প্রশাসন ছিল..... আমার বাড়ির যত খুনতা, নিড়িন, কুড়াল, সব পাতিল হাড়ি এই জামায়াত সব লুট করে নিয়েছে। এই জামায়াতের কোনো প্রোগ্রাম চলবে না। এই জামায়াতকে যারা ভোট দিবে তাদের রাতের অন্ধকারে নয়, ..... আমি দিনের বেলায় তাদের রগ কাটব, কোনো জামায়াত যদি সেন্টারে আসে। আমি বলতে চাই- .... জামায়াত আসবে না। আওয়ামী লীগ আমরা ভাই ভাই, ধানের শীষে ভোট চাই।’
এ বিষয়ে অভিযুক্ত কৃষক দলের আহ্বায়ক মক্কেল মৃধার মোবাইল ফোনে যোগাযোগ করেও মন্তব্য পাওয়া যায়নি।
তবে পাবনা-৪ আসনের দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বলেন, আমরা ভিডিওটি পেয়েছি, লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলেই ব্যবস্থা নেব।
এর আগে, গত ২৭ নভেম্বর বিকেলে ইউনিয়নের চর গড়গড়ি গ্রামে নির্বাচনি প্রচারণা চালাতে গেলে জামায়াতের প্রার্থীর ওপর হামলার ঘটনা ঘটে। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় জামায়াতের নেতাকর্মীদের মোটরসাইকেল লুট করা হয়। পরে সেগুলো মক্কেল মৃধার বাড়ির পেছনের জঙ্গল থেকে উদ্ধার হয়। এসব ঘটনায় দায়ের করা মামলায় মৃক্কেল মৃধা প্রধান আসামি। এছাড়াও ৫ আগস্ট পরবর্তী সময়ে স্থানীয় আওয়ামী লীগের বহু নেতাকর্মীদের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ রয়েছে মক্কেল মৃধার বিরুদ্ধে।