logo

বাস নিয়ন্ত্রণ হারিয়ে তিন যানবাহনে ধাক্কা, নিহত ২

বাস নিয়ন্ত্রণ হারিয়ে তিন যানবাহনে ধাক্কা, নিহত ২

ময়মনসিংহের ভালুকায় চতুর্মুখী সংঘর্ষে এক নারীসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।

শুক্রবার (২০ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার ভরাডোবা এলাকার ক্লাবের বাজারে তাফরিদ কটন মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—জেলার ত্রিশাল উপজেলার কাশিগঞ্জ এলাকার জালাল উদ্দিনের স্ত্রী মুশি আক্তার (৪০) ও ৬০ বছর বয়সি অজ্ঞাতনামা এক বৃদ্ধ। দুজনই বাসের যাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাটি বাসটি শেরপুরের নালিতাবাড়ীর দিকে যাচ্ছিল। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা উপজেলার ভরাডোবা এলাকার ক্লাবের বাজারে তাফরিদ কটন মিলের সামনে পর্যন্ত আসতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলকে চাপা দিয়ে পিলারের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মুশি আক্তার নিহত হন। এতে আরও অন্তত ৩০ জন আহত হন। তাদের মধ্যে ৬ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ৬০ বছর বয়সি অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়।

এ বিষয়ে ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এশিয়া পোস্টকে বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।