সিলেটে দুর্ঘটনায় নিহত প্রীতমের বোনের পড়ার খরচ দেবে জামায়াত

সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত প্রীতমের পরিবারের পাশে দাঁড়িয়েছে সিলেট মহানগর জামায়াত। দুর্ঘটনায় একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবারটির পাশে দাঁড়াতে প্রীতমের বোনের লেখাপড়ার সম্পূর্ণ খরচ বহনের ঘোষণা দিয়েছে দলটি।
গতকাল শনিবার (৮ আগস্ট) বিকেলে সিলেট নগরীর যতরপুর মৌবন এলাকায় প্রীতমের বাড়িতে যান জামায়াত নেতারা। তারা প্রীতমের বাবার হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এ সময় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, প্রীতমের একমাত্র বোন নগরীর কিশোরী মোহন গার্লস স্কুলের দশম শ্রেণির ছাত্রী। প্রীতমই ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এই সড়ক দুর্ঘটনায় পরিবারটি পুরোপুরি অসহায় হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে মেয়েটির শিক্ষাজীবন যেন থেমে না যায়, সে বিবেচনার জায়গা থেকে তার পড়াশোনার যাবতীয় খরচ বহনের সিদ্ধান্ত নিয়েছে সিলেট মহানগর জামায়াত।
গত শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের সঙ্গে ঢাকাগামী ইউনিক পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নারী ও শিশুসহ সাতজন নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।
