Advertisement

মাগুরায় থানার ১০০ গজের মধ্যে ছয় দোকানে চুরি

এশিয়া পোস্ট নিউজ, মাগুরা
মাগুরায় থানার ১০০ গজের মধ্যে ছয় দোকানে চুরি
চুরির পর দোকানে পুলিশের পরিদর্শন। ছবি: এশিয়া পোস্ট

মাগুরা শহরের সদর থানার ১০০ গজের মধ্যে ছয়টি কাপড়ের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দোকানের শাটার ও তালা ভেঙে নগদ টাকা, দেশি-বিদেশি থ্রি-পিস, ছিট কাপড়সহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

Advertisement

শহরের ‘বেবী প্লাজা’ মার্কেটের দ্বিতীয় তলায় বুধবার (১২ আগস্ট) রাতে যেকোনো সময় এ চুরি সংঘটিত হয়। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে ব্যবসায়ীরা মার্কেটে এসে দোকানের শাটার ও তালা ভাঙা দেখতে পান। প্রাথমিক হিসাবে ছয়টি দোকান থেকে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ কবির হোসেন বলেন, বুধবার রাতে দোকান বন্ধ করে বাসায় চলে যাই। সকালে ফোনে চুরির খবর পেয়ে মার্কেটে এসে দেখি আমার দোকানসহ মোট ৬টি দোকানের শাটার ও তালা ভাঙা। চোরেরা ক্যাশবক্স থেকে নগদ টাকাসহ বিপুল পরিমাণ কাপড় নিয়ে গেছে।

বেবী প্লাজা মার্কেট কমিটির সভাপতি নান্নু মুন্সি জানান, জেন্স গ্যালারি, নিউ ফ্যাশন, প্লাস পয়েন্ট, বিভা গার্মেন্টস ও মোহনা গার্মেন্টসসহ মোট ৬টি দোকানে চুরি হয়েছে। সংঘবদ্ধ একটি চোরচক্র পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে বলে তার ধারণা।

এদিকে বেবী প্লাজা মার্কেটের পাশের এলাকাতেও চুরির ঘটনা ঘটেছে। ব্যবসায়ীদের দাবি, এর একদিন আগেও একই এলাকায় আরেকটি দোকানে একইভাবে চুরি হয়। এ ছাড়া মঙ্গলবার রাতে চৌরঙ্গী মোড়ের শিমুল স্টোরেও চুরির ঘটনা ঘটে।

মাগুরা জেলা বণিক সমিতির সভাপতি এনামুল হক রাজা বলেন, একের পর এক চুরির ঘটনায় ব্যবসায়ীরা চরম আতঙ্কে রয়েছেন। অনেক ব্যবসায়ী এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করেন। নাইটগার্ড ও পুলিশি পাহারা থাকার পরও কীভাবে একের পর এক চুরির ঘটনা ঘটছে, তা বোধগম্য নয়। দ্রুত তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

স্থানীয় সচেতন নাগরিক ও ব্যবসায়ীরা বলছেন, জেলায় চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা বাড়ায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে। তারা গুরুত্বপূর্ণ ব্যবসায়িক এলাকায় রাতের নিরাপত্তা জোরদার, নিয়মিত টহল এবং চোরচক্র শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। এর মাধ্যমে চুরির সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিষয় :