যাত্রী নামানোর সময় পেছন থেকে আরেক বাসের ধাক্কা, নিহত ২

শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা গোলচত্বর এলাকায় যাত্রী নামানোর সময় পেছন থেকে আরেক বাসের ধাক্কায় আকাশ সরদার (৩০) ও ইউনুস মোল্লা (৪০) নামে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের নাওডোবা গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকাশ সরদার গোপালগঞ্জ সদর উপজেলার ভোজেরগাতি এলাকার বাহারুল সরদারের ছেলে ও ইউনুস মোল্লা গোপালগঞ্জ সদরের বাসিন্দা। তাদের একজন স্টার এক্সপ্রেস পরিবহনের চালকের সহকারী ও আরেকজন সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে নাওডোবা গোলচত্বর এলাকায় বাসস্ট্যান্ডে খান পরিবহনের একটি বাস যাত্রী নামাচ্ছিল। এ সময় পেছন দিক থেকে আসা স্টার এক্সপ্রেসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে একটি বাসের পেছনের অংশ এবং অপরটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনার সময় দুটি বাসের মাঝখানে চাপা পড়ে গুরুতর আহত হন আকাশ সরদার ও ইউনুস মোল্লা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করলে ঘটনাস্থলেই আকাশ সরদারের মৃত্যু হয় এবং হাসপাতালে নেয়ার পরে ইউনুস মোল্লার মৃত্যু হয়। এ সময় অন্তত ১০ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) হোসেন জানান, যাত্রী নামানোর সময় পেছন থেকে আরেকটি বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।