মাদকমুক্ত সমাজ গঠনে নওগাঁয় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

যুবসমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে স্বাস্থ্যসচেতন ও ক্রীড়ামুখী করে গড়ে তোলার লক্ষ্যে নওগাঁয় অনুষ্ঠিত হয়েছে দেশের অন্যতম বৃহৎ দৌড় প্রতিযোগিতা ‘রাণীনগর ১০ কিমি’ (সিজন-২)।
শনিবার (৩০ মে) উৎসবমুখর পরিবেশে দেশের বিভিন্ন অঞ্চলের শত শত রানারের অংশগ্রহণে এই ব্যতিক্রমী দৌড় প্রতিযোগিতা সম্পন্ন হয়।
রাণীনগর ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (রাইডো)-এর উদ্যোগে রাণীনগর-সাহাগোলা আঞ্চলিক মহাসড়কে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল অনলাইন ও মাল্টিমিডিয়া সংবাদমাধ্যম এশিয়া পোস্ট।
আয়োজক কমিটির সূত্রে জানা গেছে, এবারের আসরে রাজধানী ঢাকাসহ দেশের প্রায় ৩৫টি জেলা থেকে ৭০০ জন পেশাদার ও অপেশাদার রানার অংশ নেন। গত বছরের চেয়ে এবার অংশগ্রহণকারী ও আয়োজনের পরিধি দুটোই বেশ বৃদ্ধি পেয়েছে।
প্রতিযোগিতাটি মোট চারটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। ১০ কিলোমিটার (জেনারেল), পাঁচ কিলোমিটার (পুরুষ বিগিনার), পাঁচ কিলোমিটার (মহিলা) এবং এক কিলোমিটার (কিডস)।

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। ১০ কিলোমিটার জেনারেল ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন পাঁচ হাজার টাকা, প্রথম রানারআপ চার হাজার, দ্বিতীয় রানারআপ তিন হাজার, তৃতীয় রানারআপ এক হাজার ৫০০ এবং চতুর্থ রানারআপ এক হাজার টাকা প্রাইজমানি লাভ করেন। এছাড়া জেনারেল ক্যাটাগরিতে শীর্ষ ১০ রানারকে বিশেষ ক্রেস্ট দেওয়া হয়।
অন্যদিকে পাঁচ কিলোমিটার পুরুষ ও মহিলা উভয় ক্যাটাগরির চ্যাম্পিয়নরা তিন হাজার, প্রথম রানারআপ দুই হাজার এবং দ্বিতীয় রানারআপ এক হাজার টাকা করে পুরস্কার পান। এছাড়া এক কিলোমিটার কিডস ক্যাটাগরিতে অংশ নেওয়া ৪০ জন শিশুকে বিশেষ স্মারক ক্রেস্ট দিয়ে উৎসাহিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম রেজু।
তিনি বলেন, তরুণদের সুস্থ, সুন্দর ও সৃজনশীল কর্মকাণ্ডে ধরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাদক, সন্ত্রাস ও সামাজিক নানা অবক্ষয় থেকে যুব সমাজকে দূরে রাখতে এই ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা রাখবে। তিনি এই ব্যতিক্রমী উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

রাইডোর প্রতিষ্ঠাতা ও চিফ কো-অর্ডিনেটর ডা. মো. রুমন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, রাণীনগর থানার ওসি মোহাম্মদ জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী ও সাধারণ সম্পাদক মো. মোসারব হোসেন, রাণীনগর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফরহাদ হোসাইন।
সভাপতির বক্তব্যে ডা. মো. রুমন হোসেন বলেন, রাইডোর মূল লক্ষ্য হলো ইতিবাচক সামাজিক ও ক্রীড়া কর্মকাণ্ডের মাধ্যমে তরুণদের নিয়ে একটি সুস্থ ও মানবিক সমাজ গঠন করা। ‘রাণীনগর ১০ কিমি’ এখন শুধু একটি দৌড় প্রতিযোগিতা নয়, এটি তারুণ্যের শক্তি ও স্বাস্থ্য সচেতনতার একটি জাতীয় প্ল্যাটফর্ম। তিনি অনুষ্ঠানটি সফল করায় রানার, স্বেচ্ছাসেবক, স্থানীয় বাসিন্দা ও গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
