logo

জন্মের পর থেকে কোনো টিকাই দেওয়া হয়নি, খুমেকে আরও এক শিশুর মৃত্যু

জন্মের পর থেকে কোনো টিকাই দেওয়া হয়নি, খুমেকে আরও এক শিশুর মৃত্যু

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি চাঁন (২) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুর ২টায় হাসাপাতালের হাম আইসোলেশন সেন্টারে শিশুটির মৃত্যু হয়। হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. সৈয়েদা রুখশানা পারভীন শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত করেন।

ভর্তি রেজিস্ট্রার সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১টায় ঝিনাইদহ জেলার কালীগঞ্জের বাসিন্দা গোলাম রসুল এবং ইয়াসমীন বেগমের ২ বছর বয়সি সন্তান চাঁনকে (২) হামের উপসর্গ নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টায় শিশুটির মৃত্যু হয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. সৈয়েদা রুখশানা পারভীন বলেন, সকালে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে ২৩ মাস বয়সি শিশুটি এসেছিল। ২৩ মাসে অনেকগুলো টিকা দেওয়ার কথা থাকলেও কোনো টিকাই দেওয়া হয়নি। এখানে আসার পর সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হয়েছে। দুপুর ২টায় শিশুটির মৃত্যু হয়।

এর আগে, গত ৯ এপ্রিল বুধবার দুপুর ১২টা ৩০ মিনিটে ঝিনাইদহ থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় আনা ১০ মাসের শিশু শামীমের মৃত্যু হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে। মৃত শামীম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিপাড়া বেলদাঙ্গা গ্রামের বাসিন্দা আরিফের ছেলে।