বাড়ি ফেরার পথে প্রাণ গেল কাস্টমস কর্মকর্তার

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুলে সিডিএম পরিবহনের একটি বাস উল্টে মো. আব্দুল আলীম (৩৪) নামে কাস্টমস কর্মকর্তা নিহত হয়েছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে ফেনী সদর উপজেলার লালপুল এলাকার স্টার লাইন ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল আলীম কাস্টমসের অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার (এআরও) হিসেবে সিলেটে কর্মরত ছিলেন। তার বাড়ি চট্টগ্রাম শহরের পাঁচলাইশ থানার পশ্চিম ষোলশহর এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিলেট থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে আব্দুল আলীম ট্রেনযোগে ফেনী রেলস্টেশনে নামেন। সেখান থেকে চট্টগ্রামগামী সিডিএম পরিবহনের একটি বাসে বারৈয়ারহাটের উদ্দেশ্যে যাত্রা করেন। বাসটি মহিপাল অতিক্রম করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের লালপুল স্টার লাইন ফিলিং স্টেশনের প্রায় ২০০ গজ উত্তরে পৌঁছালে সামনে থাকা একটি ট্রাক হঠাৎ ব্রেক করে। এ সময় পেছনে থাকা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশের রোডের আইল্যান্ডের ওপর উঠে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান আব্দুল আলীম।
মহিপাল হাইওয়ে থানা সূত্র জানায়, দুর্ঘটনায় গুরুতর অন্য কোনো যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি। সাময়িক আঘাতপ্রাপ্ত কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ নিজ গন্তব্যে চলে গেছেন। ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালেও নিহত ব্যক্তি ছাড়া অন্য কোনো আহত যাত্রী চিকিৎসার জন্য আসেননি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) কবির হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত বাসটি অপসারণ করে সড়ক যোগাযোগ স্বাভাবিক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


