বাসের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত

এশিয়া পোস্ট নিউজ, ফরিদপুর
বাসের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল। ছবি : সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের মশাউজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফাহিম মাতুব্বর (২৩) ও রফিকুল মাতুব্বর। তারা ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসূতী ইউনিয়নের চকনাউডুবি এলাকার বাসিন্দা। ফাহিম জাহিদ মাতুব্বরের ছেলে এবং রফিকুল কাউছার মাতুব্বরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে ফরিদপুরগামী সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ফাহিম মাতুব্বর নিহত হন। গুরুতর আহত রফিকুল মাতুব্বরকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকে এবং উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল সামদানী আজাদ বলেন, বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক মোটরসাইকেল আরোহী নিহত হন। অপরজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।