বৃষ্টির মধ্যে মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

টানা বৃষ্টির মধ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৭ জুন) দুপুর ১টার দিকে তিনি শ্রীমঙ্গল পৌঁছেন।
বৃষ্টি অব্যাহত থাকলেও ছাতা, রেইনকোট ও পলিথিন মাথায় দিয়ে মাঠে অবস্থান নেন অনেকে। আশপাশের সড়ক ও খোলা স্থানেও মানুষের ভিড় দেখা যায়।
প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার অপেক্ষায় থাকা জনতার মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। জনসভাকে কেন্দ্র করে পুরো শ্রীমঙ্গল শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে
এর আগে তাকে বহনকারী ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটটি বুধবার সকাল সাড়ে ১০টা ২০ মিনিটের দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে বিএনপি নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। পরে সেখান থেকে দলের পতাকা মোড়ানো বাসযোগে সড়কপথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশে রওনা হন।
বৃষ্টি উপেক্ষা করে সড়কের দুপাশে দাঁড়িয়ে তাকে স্বাগত জানান দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ। সকাল ১০টা ৫০ মিনিটে তার গাড়িবহর সিলেট শহর অতিক্রম করে সিলেট-ফেঞ্চুগঞ্জ-মৌলভীবাজার মহাসড়কে ওঠে।
সফর সূচি অনুযায়ী– এদিন সকাল সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী রওনা দেন। দুপুর একটায় শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হয়ে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। সেখানে অনুষ্ঠান শেষে দুপুর ২টায় তিনি মৌলভীবাজার সদর উপজেলার উদ্দেশে রওনা হবেন।
আড়াইটায় প্রধানমন্ত্রী মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন। বিকেল সাড়ে ৩টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে দুসাই রিসোর্টের উদ্দেশে যাত্রা করবেন তিনি। বিকেল ৩টা ৪৫ মিনিটে সেখানে পৌঁছে সংক্ষিপ্ত বিরতি নেবেন। বিকেল ৪টা ৪৫ মিনিটে দুসাই রিসোর্টে আয়োজিত রাজনৈতিক সভায় অংশ নেবেন।
রাজনৈতিক সভা শেষে বিকেল ৫টা ৪৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। রাত আটটা ৩০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন এবং রাত নয়টা ২০ মিনিটে রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে।
