logo

সেই মাসুদকে অবশেষে তালাক দিলেন দ্বিতীয় স্ত্রী

সেই মাসুদকে অবশেষে তালাক দিলেন দ্বিতীয় স্ত্রী
মাসুদ। ছবি : ফেসবুক থেকে পাওয়া

নওগাঁর মহাদেবপুরে প্রথম স্ত্রীর ছোট বোনকে বিয়ে করে দেশজুড়ে সমালোচনার মুখে পড়া টিকটকার ও আইনজীবীর সহকারী মাসুদের দ্বিতীয় স্ত্রী পূর্ণিমা তাকে তালাক দিয়েছেন।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তালাকনামার ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছেন মাসুদ নিজেই।

ফেসবুক লাইভে মাসুদ বলেন, ইসলামি শরিয়াহ অনুযায়ী একই সময়ে দুই বোনকে স্ত্রী হিসেবে রাখা বৈধ নয়—এ বিষয়টি না জানার কারণেই তারা এমন ভুল করেছেন। এ ঘটনার কারণে তাদের পরিবারকে সমাজের বিভিন্ন পর্যায়ে অপমান ও সমালোচনার মুখে পড়তে হয়েছে বলেও জানান তিনি।

নিজেদের ভুলের জন্য অনুশোচনা প্রকাশ করে মাসুদ বলেন, তারা ভুলটি সংশোধন করেছেন। এর প্রমাণ হিসেবে তালাকনামার কপি ফেসবুকে প্রকাশ করা হয়েছে। এখন থেকে তার প্রথম স্ত্রী মৌসুমীই একমাত্র স্ত্রী থাকবেন বলে জানান তিনি।

তিনি আরও বলেন, আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পূর্ণিমা তাকে তালাক দিয়েছেন। বিষয়টির নিষ্পত্তি হওয়ায় এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক পোস্ট বা আলোচনা না করার অনুরোধ জানান তিনি। একই সঙ্গে এ ঘটনার জন্য দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন মাসুদ ও তার পরিবার।

এর আগে গত ২৪ অক্টোবর মহাদেবপুরের মাতাজি বিরামগ্রাম এলাকার একটি বাড়িতে মাসুদের দ্বিতীয় বিয়ের গায়েহলুদ অনুষ্ঠিত হয়। পরদিন ২৫ অক্টোবর প্রথম স্ত্রীর উপস্থিতিতে নিজের শ্যালিকা পূর্ণিমাকে বিয়ে করেন তিনি। বিয়ের পর দুই স্ত্রীকে সঙ্গে নিয়ে তোলা ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে তা ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

এ ঘটনার জেরে গত ২৬ অক্টোবর রাতে ক্ষুব্ধ স্থানীয় লোকজন মাসুদকে মুখে চুনকালি মাখিয়ে এলাকা থেকে বের করে দেন বলে জানা গেছে। প্রথম স্ত্রীর উপস্থিতিতে শ্যালিকাকে বিয়ে করার প্রতিবাদে তারা এ ঘটনা ঘটান।

পরে রাইগা ইউনিয়নের নারায়ণপুর (বিরামগ্রাম) গ্রামে শ্বশুর মান্নান সাপুরে ও তার ছোট মেয়ে পূর্ণিমা গ্রামবাসীর উপস্থিতিতে আয়োজিত সালিশ বৈঠকে হাত জোড় করে ক্ষমা চান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এরপর মাসুদ ফেসবুক লাইভে এসে দেশবাসীর কাছে ক্ষমা চান এবং পূর্ণিমাকে তালাক দেওয়ার ঘোষণা দেন। বুধবার তালাকনামা প্রকাশের মাধ্যমে সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা জানান তিনি।