logo

কার্টন খুলতেই বিকট শব্দে বিস্ফোরণ

কার্টন খুলতেই বিকট শব্দে বিস্ফোরণ

কুষ্টিয়া সদর উপজেলার লাহিনী বটতলা এলাকায় একটি কার্টন খোলার সময় বিকট শব্দে বিস্ফোরণে নাসির শেখ (৫৫) নামের এক ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। 

সোমবার (২৭ এপ্রিল) রাত ১০টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহত নাসির শেখ লাহিনী কালীতলা মোড় এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

আহত ভ্যানচালক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি ৩০ টাকা ভাড়ায় একটি কার্টন পৌঁছে দেওয়ার জন্য নাসির শেখের ভ্যান ভাড়া করেন। তাদের গন্তব্য ছিল লাহিনী জোয়ার্দ্দার পাড়ার একটি বাড়ি। তবে ওই বাড়িতে যাওয়ার পর গৃহকর্তা জানান, কার্টনটি তার নয়।

পরবর্তীতে নাসির শেখ কার্টনটি নিয়ে পুনরায় লাহিনী বটতলায় ফিরে আসেন। সেখানে স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে ভিডিও ধারণ করতে করতে কার্টনের ঢাকনা খুলতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে নাসির শেখের শরীরের নিম্নাংশ ও বিশেষ অঙ্গ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে আশপাশের লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। আমরা গিয়ে দেখি ভ্যানচালক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। কার্টনটির ভেতরে আসলে কী ছিল, তা নিয়ে সবাই আতঙ্কে আছি।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আহতের শরীরের নিচের অংশে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। তার জীবন বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কার্টনের ভেতরে কী ছিল এবং কে বা কারা এটি পাঠিয়েছিল, তা খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।