logo
Advertisement

পঞ্চগড়ে নারীর ঘর থেকে জামায়াতের সমর্থক আটক

এশিয়া পোস্ট নিউজ, পঞ্চগড়
পঞ্চগড়ে নারীর ঘর থেকে জামায়াতের সমর্থক আটক
স্থানীয় জনতা জহিরুল ইসলামকে আটক করে বারান্দার খুঁটির সঙ্গে বেঁধে রাখে। ছবি : এশিয়া পোস্ট

পঞ্চগড় সদর উপজেলায় এক নারীর ঘর থেকে জহিরুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

Advertisement

সোমবার (৩ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার হাড়িভাসা ইউনিয়নের গইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসীর দাবি, জহিরুল ইসলামের আগে চারটি বিয়ে রয়েছে এবং তিনি স্থানীয়ভাবে জামায়াতের সমর্থক হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে গইজপাড়া এলাকায় ওই নারীর ঘর থেকে জহিরুলকে স্থানীয় জনতা হাতেনাতে আটক করে বারান্দার খুঁটির সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে পুলিশ রাতে ঘটনাস্থলে পৌঁছালেও উত্তেজিত জনতার কারণে তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করতে পারেনি। পরে মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে জহিরুল ও সংশ্লিষ্ট নারীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ বলছে, মঙ্গলবার বিকেল ৩টায় এ ঘটনায় সংবাদ লেখা পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, জহিরুল ইসলামকে জামায়াতের কর্মী বা সমর্থক হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের আলোচনা চললেও জেলা জামায়াতের নেতারা দাবি করেছেন, তিনি দলের কোনো সদস্য নন। তাদের ভাষ্য, জহিরুল ইসলাম কেবল দলটির সমর্থক ছিলেন। সাংগঠনিকভাবে তার কোনো পদ বা সদস্যপদ নেই।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, দুজনকেই উদ্ধার করে থানায় আনা হয়েছে। বর্তমানে তারা থানায় রয়েছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।