টেকনাফে অস্ত্রের মুখে জিম্মি করে ৬ কৃষককে অপহরণ

কক্সবাজারের টেকনাফে অস্ত্রের মুখে জিম্মি করে ছয় কৃষককে অপহরণের অভিযোগ উঠেছে পাহাড়ি দুর্বৃত্তদের বিরুদ্ধে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার হোয়াইক্যং মিনাবাজার সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে তাদের জিম্মি করে পাহাড়ে নিয়ে যাওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো. শাহ জালাল।
তিনি জানান, মঙ্গলবার ভোরে কৃষি কাজে যাওয়ার পথে পাহাড়ি অস্ত্রধারীরা ছয় কৃষককে জিম্মি করে পাহাড়ের ভেতরে নিয়ে যায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অপহৃত কৃষকদের উদ্ধারে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা প্রয়োজন বলে জানান তিনি।
অপহৃত কৃষকরা হলেন- হোয়াইক্যং মিনা বাজার এলাকার যথাক্রমে মৃত সুলতান ফকিরের ছেলে মো. জমির (৬২), রবিউল আলমের ছেলে শফি আলম (১৩), এজাহার হোসেনের ছেলে মোহাম্মদ আলম ওরফে মাহাত আলম (১৮), মৃত শামসুল আলমের ছেলে জাহিদ হোসেন ওরফে মুন্না (৩০) এবং একই ইউনিয়নের ঝিমংখালী আশ্রয়ণ প্রকল্পের মোজাহের (৬০) ও মোস্তাক (১২)।
এ বিষয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র জানান, পাহাড়ি এলাকায় কৃষিকাজ করতে গেলে ডাকাত দল ছয় কৃষককে তুলে নিয়ে যায় বলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। পাশাপাশি অপহৃতদের উদ্ধারে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘অপহরণের বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং তাদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি চলছে।’
এদিকে এ ঘটনার পর থেকে অপহৃতদের পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছে। তারা জানান, ভোরে কৃষিক্ষেতে কাজ করতে গিয়ে ওই ছয় কৃষক অপহরণ হয়। এখনো পর্যন্ত অপহরণকারীদের পক্ষ থেকে কোনো মুক্তিপণের দাবি পাওয়া যায়নি।