logo

ডেপুটি স্পিকারের উদ্যোগে বিশুদ্ধ খাবার পানি পাচ্ছেন হাওরের কৃষকরা

ডেপুটি স্পিকারের উদ্যোগে বিশুদ্ধ খাবার পানি পাচ্ছেন হাওরের কৃষকরা

নেত্রকোনার হাওর এলাকায় পুরোদমে শুরু হয়েছে বোরো ধান কাটার মৌসুম। গত এক সপ্তাহ ধরে হাওরজুড়ে কৃষকদের ব্যস্ততা বেড়েছে কয়েকগুণ। প্রখর রোদে খোলা মাঠে দীর্ঘ সময় কাজ করতে গিয়ে বিশুদ্ধ পানির অভাবে ভুগছিলেন তারা। অনেকে বাধ্য হয়ে অনিরাপদ ও দূষিত পানি পান করছিলেন।

নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বিষয়টি অবগত হলে তাৎক্ষণিক কৃষকদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে উদ্যোগ নেন। তার এই উদ্যোগের অংশ হিসেবে বুধবার (২২ এপ্রিল) থেকে নেত্রকোনার হাওর এলাকায় টিউবওয়েল স্থাপনের কাজ শুরু হয়েছে।

জানা গেছে, প্রথম পর্যায়ে সোনাডুবি হাওরের পূর্ব ও পশ্চিম পাশে দুটি, নাগডরা হাওরের পূর্ব ও পশ্চিম পাশে দুটি টিউবওয়েল বসানো হচ্ছে। মুক্তাখলা হাওর, হাইডুলি কান্দা এবং রাজাপুর গ্রামের সামনে কাটাগুপাট এলাকাসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে টিউবওয়েল স্থাপনের কাজ হাতে নেওয়া হয়েছে। ধাপে ধাপে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন স্থানে এই সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

স্থানীয় কৃষক আলম মিয়া বলেন, গরমের মধ্যে সারা দিন হাওরে কাজ করতে হয়। আগে বিশুদ্ধ পানির খুব কষ্ট ছিল। অনেক সময় দূর থেকে পানি আনতে হতো। আবার কখনও তৃষ্ণায় ময়লা পানিও খেতে হয়েছে। এখন যদি হাওরে টিউবওয়েল পাওয়া যায়, তাহলে আমাদের অনেক উপকার হবে।

এ বিষয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, হাওরে কাজ করা কৃষকরা আমাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তাদের কষ্ট লাঘব করা আমাদের দায়িত্ব। বিশুদ্ধ পানির অভাব তাদের জন্য বড় একটি সমস্যা ছিল। তাই দ্রুত এই উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরও প্রয়োজনীয় স্থানে টিউবওয়েল স্থাপন করা হবে।