চট্টগ্রামের উত্তর ফটিকছড়িতে সকাল থেকে চলছে হরতাল

এশিয়া পোস্ট নিউজ, চট্টগ্রাম
চট্টগ্রামের উত্তর ফটিকছড়িতে সকাল থেকে চলছে হরতাল
ভ্যান আড়াআড়ি করে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রামের উত্তর ফটিকছড়ির দাঁতমারায়। ছবি: এশিয়া পোস্ট

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল থেকে উত্তর ফটিকছড়ির দাঁতমারা, বাগানবাজার ও নারায়ণহাট ইউনিয়নে হরতাল পালিত হচ্ছে।

হরতালের কারণে অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। সড়কে যানবাহনের চলাচলও অনেকটাই সীমিত হয়ে পড়েছে।

এর আগে বুধবার দুপুরে ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সংগঠনটির দাবি, নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপন না হওয়ায় তারা এ কর্মসূচি পালন করছে।

সরেজমিনে দাঁতমারা, নারায়ণহাট ও বাগানবাজার ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকেই বাজারগুলোতে থমথমে পরিবেশ বিরাজ করছে। অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। সড়কে গণপরিবহন, সিএনজিচালিত অটোরিকশা ও অন্যান্য যানবাহনের চলাচলও ছিল খুবই কম।

বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে হরতাল সমর্থকদের অবস্থান নিতে দেখা গেছে। হাসপাতাল, অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে। চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা থাকায় পরীক্ষার্থীদের যাতায়াতও স্বাভাবিক রয়েছে।

আন্দোলনকারী সাহেদুল আলম বলেন, নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে আমরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছি। কিন্তু এখন পর্যন্ত সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ইতিবাচক উদ্যোগ দেখা যায়নি। আমাদের যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

নারায়ণহাট বাজারে আন্দোলনকারী হাসান শামসুদ্দীন বলেন, এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর আন্দোলন নয়; এটি উত্তর ফটিকছড়ির সাধারণ মানুষের ন্যায্য অধিকারের আন্দোলন। আমরা যৌক্তিক স্থানে উপজেলা সদর দপ্তর চাই। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।

ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদের সমন্বয়ক নুরুল আমিন আযাদ বলেন, উত্তর উপজেলার সদর দপ্তর ন্যায্যতার ভিত্তিতে উত্তরাঞ্চলেই স্থাপন করতে হবে। দাবির অংশ হিসেবে আজকের হরতাল কর্মসূচি পালন করা হচ্ছে। দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

হরতাল চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, হরতাল কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোথাও ভাঙচুর, অগ্নিসংযোগ বা জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।